উজির মিয়ার মৃত্যু: তদন্ত শেষ পর্যায়ে ২ কমিটির

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশি নির্যাতনে অসুস্থ হয়ে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় গঠিত ২ তদন্ত কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন দুই কমিটির প্রধান।

জেলা প্রশাসনের গঠিত কমিটি আজ বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছে। তবে জেলা পুলিশের তদন্ত কমিটি ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করছে এবং এতে প্রতিবেদন জমা দিতে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে।

জেলা পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'কমিটিকে ৩ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। মঙ্গলবার কমিটি গঠনের পর থেকেই আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি এবং প্রথম দিন প্রায় সারারাত সাক্ষীদের সঙ্গে কথা বলেছি।'

তিনি বলেন, 'মরদেহের ময়না তদন্তের রিপোর্ট এখনো আসেনি। বিষয়টি যেহেতু বিচারিক, তাই ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া তদন্ত প্রতিবেদন পূর্ণাঙ্গ হবে না। তাই ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে গিয়ে প্রতিবেদন জমা দিতে বিলম্ব হতে পারে।'

এদিকে জেলা প্রশাসন গঠিত ৩ সদস্যের পৃথক তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের আজকের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। আমরা কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আশা করছি আজকেই প্রতিবেদন জমা দিতে পারব।'

গত ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের উজির মিয়াকে গরু চুরির একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জামিনে মুক্তি পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ১১ ফেব্রুয়ারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

পরদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেও ২১ ফেব্রুয়ারি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পথে মারা যান উজির মিয়া। তার মৃত্যুর পর এলাকাবাসী বিক্ষোভ করেন এবং গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনের বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর অভিযোগে অভিযুক্ত উপপরিদর্শক দেবাশীষ সূত্রধরকে বুধবার পার্শ্ববর্তী দিরাই থানায় বদলি করা হয়েছে।