উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা আসামির ফাঁসি কার্যকর
নেত্রকোনায় ২০০৫ সালে উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে বোমা হামলায় হতাহতের ঘটনায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনির ওরফে আসাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায় কার্যকর করা হয়।
আজ শুক্রবার কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান চৌধুরীর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই এলাকায়।
গিয়াস উদ্দিন জানান, ২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে বোমা হামলায় আট জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় থানায় মামলা হলে, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনির ওরফে আসাদকে গ্রেপ্তার করে।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসাদকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়।
তিনি আরও জানান, আসামি পক্ষ পরে ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। শেষ পর্যন্ত নিম্ন আদালতের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্ট। পরে, গত ২৩ জুন তার ফাঁসির দণ্ড মাফ করার আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
রাষ্ট্রপতির নাকচের ২৩ দিনের মাথায় বৃহস্পতিবার রাত ১১টায় এ কারাগারের ফাঁসিতে ঝুলিয়ে আসাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয় বলে জানান তিনি। পরে, আনুষ্ঠানিকতা শেষে আসাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকরের সময় ঢাকা বিভাগীয় ডিআইজি প্রিজন তোৗহিদুর রহমান, গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উপকমিশনার জাকির হাসান ও সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।