‘উস্কানিমূলক’ পোস্ট: ফেনীতে মাদ্রাসা শিক্ষকের জবানবন্দি
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে 'উস্কানিমূলক' পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মহি উদ্দিন (৩১) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে তিনি এ জবানবন্দি দেন।
সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার মহি উদ্দিন ফেনীর ফুলগাজী উপজেলার খিলপাড়া গ্রামের একটি মাদ্রাসার শিক্ষক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের খিলপাড়া এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। র্যাব-৩ এর ডিএডি মনির উদ্দিন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে ফুলগাজী থানায় মামলা করেন। রাতেই তাকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, মাদ্রাসা শিক্ষক মহি উদ্দিন বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে উগ্র ধর্মীয় ও সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দিয়ে আসছেন বলে মামলায় বলা হয়। র্যাবের সন্ত্রাসবিরোধী সেল বিষয়টি পর্যালোচনা করার পর তাকে গ্রেপ্তার করা হয়।
আজ তাকে আদালতে নেওয়া হলে তিনি ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেন এবং পরে তাকে আদালতের নির্দেশে ফেনী জেলা কারাগারে পাঠানো হয় বলে তদন্ত কর্মকর্তা জানান।