ঋণ খেলাপিদের নির্বাচন করার আইনি অধিকার নেই: হাইকোর্ট
হাইকোর্ট এক পর্যবেক্ষণে বলেছেন, ঋণ খেলাপিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোনো অধিকার থাকতে পারে না।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের শুনানির সময় এ পর্যবেক্ষণ দেন।
ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইগাছি ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন সিদ্দিকের মনোনয়ন বাতিল করে জেলা নির্বাচন অফিস। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ওই রিটটি করা হয়েছিল।
আজ শুনানি চলাকালে মহিউদ্দিনের আইনজীবী রেজাউল হোসেন মোরশেদ হাইকোর্টকে বলেন, 'তার মক্কেলের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না। ফলে তার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।'
হাইকোর্ট এই আইনজীবীকে বলেন, 'আবেদনকারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হলে, তিনি ঋণ পরিশোধ করতেন।'
এরপর হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।
এ আদেশের অর্থ মহিউদ্দিন সিদ্দিকীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকবে।