এক্সক্যাভেটর জ্বালিয়ে দেওয়ার অভিযোগে ইউএনওর বিরুদ্ধে মামলা
কুমিল্লার চৌদ্দগ্রামে ৪টি এক্সক্যাভেটর জ্বালিয়ে দেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জুগীরকান্দি গ্রামের বাসিন্দা এ কে এম সেলিম কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ নম্বর আমলি আদালতে ইউএনও এস এম মঞ্জুরুল হকের বিরুদ্ধে এ মামলা করেন।
আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আদালত পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাদির আইনজীবী মাসুদ সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত ১৯ জানুয়ারি এলাকার কিছু কুচক্রী মহলের ইন্ধনে চৌদ্দগ্রামের ইউএনও জুগীরকান্দি গ্রামে এসে এলাকাবাসীর ভাড়া করা ৪টি এক্সক্যাভেটর ভাঙচুর করেন এবং কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেন। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।'
'এ ঘটনার পরিপ্রেক্ষিতে সেলিম ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর পক্ষে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন,' বলেন তিনি।
এ বিষয়ে জানতে ইউএনও এস এম মঞ্জুরুল হককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তার ফোনে মেসেজ দিলেও তিনি জবাব দেননি।
স্থানীয়রা জানান, ১৯ জানুয়ারি চৌদ্দগ্রামে কাশিনগরের বোয়ালঝুড়ি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক ৪টি এক্সক্যাভেটর জব্দ করে জ্বালিয়ে দেন। এ সময় মাটি বিক্রির অভিযোগে ২ জনকে ৬ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।