এসকে সিনহা মামলায় খালাস পাওয়া ২ জনকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
অর্থ পাচার মামলায় খালাস পাওয়া ব্যবসায়ী মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই মামলায় ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে।
এই ২ জনের খালাসের বিরুদ্ধে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আপিলের শুনানিতে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।
একই সঙ্গে, শাহজাহান ও নিরঞ্জন আত্মসমর্পণ করার পর তাদেরকে এই মামলায় জামিন দিতেও নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, হাইকোর্ট এই নির্দেশনা দিয়েছেন যাতে শাহজাহান ও নিরঞ্জন আদালতের প্রক্রিয়ার অধীনে থাকেন।
গত ৯ নভেম্বর ঢাকার একটি আদালত ৪ কোটিরও বেশি অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলার রায়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ১১ বছর এবং মামলার অপর ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
তবে, শাহজাহান ও নিরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়।