ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
আজ সোমবার সকাল ১০টার পর কক্সবাজার আদালত প্রাঙ্গণে টেকনাফের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া একজন বলেন, আমার ভাই শাহবুদ্দীন ছিলেন একজন কৃষক। আমার ভাইয়ের নামে একটা মামলা ছিল। ২০১৯ সালের ১৭ এপ্রিল দুপুর ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। পরে ২১ তারিখে আমার ভাইকে ক্রসফায়ার দিয়েছে। যদি এটা বন্দুকযুদ্ধ হতো তাহলে গুলি মাথায় লাগত বা পিঠে লাগত অথবা পায়ে লাগত। কিন্তু, সেই গুলি সিনাতে লাগছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা ওসি প্রদীপের ফাঁসি চাই।
এদিবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় আজ দুপুর ২টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফরিদুল আলম টিপু।
গত ১২ জানুয়ারি যুক্তি-তর্ক শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করবেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম (প্রশাসন) দ্য ডেইলি স্টারকে বলেন, 'আলোচিত এই ঘটনার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
কক্সবাজার জেলা ও দায়র জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী ফরিদুল ইসলাম বলেছেন, মামলার ১৫ আসামির সর্বোচ্চ শাস্তি হবে হবে বলে প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।