ওয়ারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ওয়ারীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়ারী বনগ্রাম হাজি মসজিদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শরীফ (১৯) বনগ্রাম এলাকায় একটি তামার কারখানায় কাজ করতেন।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বিকেলে ওই এলাকার যুবকেরা ফুটবল খেলে। ওই খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কেউ একজন শরীফকে ছুরিকাঘাত করে।'

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই এলাকার ২ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি।

শরীফের সহকর্মী মো. ফরহাদ বলেন, 'ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকায় মারামারি হয়েছিল। সন্ধ্যায় কে বা কারা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।'

শরীফ কারখানাতেই থাকতেন বলে তিনি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, নিহত শরীফের বুকে ছুরিকাঘাতের চিহ্ন আছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।