ওয়ারীতে বৃদ্ধকে চাপা দেওয়া ময়লার গাড়ির চালক গ্রেপ্তার
রাজধানীর ওয়ারীতে ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের নিহত হওয়ার ঘটনায় গাড়িটির চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চালক মো. মোর্শেদ আলমকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১০ এর অপারেশন কর্মকর্তা এনায়েত কবির শোয়েব ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সকালে রাজধানী সুপার মার্কেটের পাশে ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে একজন নিহত হন। এই ঘটনায় ময়লার গাড়ির অজ্ঞাত চালককে আসামি করে ওয়ারী থানায় মামলা করেন নিহতের ভাই তপন কুমার সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপন কুমার রিকশায় ছিলেন। ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মামলার কথা নিশ্চিত করে ওয়ারী থানার ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, পুলিশ ময়লার গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা করছে।
গত নভেম্বরে গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হন। এরপর পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক সাবেক গণমাধ্যমকর্মী নিহত হন।
গত ২ ডিসেম্বর মোহাম্মদপুরে বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসকে ধাক্কা দেয় নগরীর বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাক। সে সময় বাস থেকে নামতে গিয়ে ৬৫ বছর বয়সী এক নারী আহত হন।