ও-লেভেল শিক্ষার্থী ধর্ষণ-হত্যা: আদালতে পিবিআই’র অভিযোগপত্র
রাজধানীর কলাবাগান এলাকায় ও-লেভেল শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি ফারদিন ইফতেখার দিহানের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র জমা দিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংস্থাটির পরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ অভিযোগপত্র জমা দেন। আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ডিএনএ পরীক্ষা, প্রমাণাদি বিশ্লেষণ এবং সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে পাওয়া গেছে দিহান একাই হত্যার জন্য দায়ী। দিহান বলেছিলেন, নিহত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার সময় তার এক বন্ধু সহযোগিতা করেছিল। কিন্তু তার বন্ধু ঘটনাস্থলে উপস্থিত ছিল না।
তদন্তকারী কর্মকর্তা আরও উল্লেখ করেছেন, প্রাথমিকভাবে দিহানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। ধর্ষণের পরে হত্যার অভিযোগে তাকে বিচারের আওতায় আনার উচিত। অভিযোগপত্রে ২২ জনকে সাক্ষী করা হয়েছে।
শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলাবাগান থানায় দিহানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, ১৭ বছর বয়সী ও-লেভেল শিক্ষার্থীকে কলাবাগান এলাকায় ধর্ষণের পরে হত্যা করা হয়েছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়, পরিবারের সদস্যরা বাইরে থাকায় দিহান কৌশলে ওই শিক্ষার্থীকে বাসায় ডাকেন। অতিরিক্ত রক্ত ক্ষরণে অচেতন হয়ে পড়তে দায় এড়াতে দিহান তাকে হাসপাতালে নিয়ে যান। ৮ জানুয়ারি দিহান ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।