কক্সবাজারে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসায় অভিযান চালিয়ে মোস্তাক আহমদ (২৭) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।'
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সনজুর মোরশেদ বলেন, 'মোস্তাককে আদালতে সোপর্দ করা হয়েছে। কক্সবাজারের বিচারিক হাকিম তাকে জেল হাজতে প্রেরণ করার আদেশ দিয়েছেন।'