কক্সবাজারে পর্যটক ধর্ষণ: আসামি রিয়াজ উদ্দীন ৪ দিনের রিমান্ডে
কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে বেড়াতে যাওয়া এক নারীকে 'সংঘবদ্ধ ধর্ষণের' ঘটনায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি রিয়াজ উদ্দীন ছোটনকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান এ বিষয়ে বলেন, আজ শনিবার বিকাল সাড়ে ৪ টায় কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামীমুন তাজনীন এর আদালতে আসামিকে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে ৪ দিন রিমান্ডের আদেশ দেন।
আসামি রিয়াজ উদ্দীন জিয়া গেস্ট ইন নামের আবাসিক হোটেলের ব্যবস্থাপক। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার মাইজ পাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে। ছোটনকে গত বুধবার তার কর্মস্থল থেকে আটক করে র্যাবের একটি দল।
মামলার এজাহারভুক্ত অন্য ৩ আসামি আশিকুল ইসলাম আশিক, মেহেদী হাসান বাবু ও ইসরাফিল হুদা জয়কে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত বুধবার সন্ধ্যায় সংঘবদ্ধ একটি চক্র কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এই নারী পর্যটককে তুলে নিয়ে যায়। ওই নারীর অভিযোগ, তাকে তুলে নেওয়া ব্যক্তিরা তার স্বামী-সন্তানকে জিন্মি করে ও তাদের হত্যার হুমকি দিয়ে তাকে ২ দফা ধর্ষণ করে।
পরে খবর পেয়ে ওই দিন গভীর রাতে জিয়া গেস্ট ইন নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালায় র্যাব। আটক করা হয় রিয়াজ উদ্দিন ছোটনকে।
ঘটনার পরদিন বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ওই নারীর স্বামী ৪ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও ৩ জনসহ মোট ৭ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় নারী নির্যাতন আইনে মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় ট্যুরিস্ট পুলিশকে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিন জানান, শুক্রবার রাতে ঘটনার ব্যাপারে ভুক্তভোগী নারী কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জবানবন্দি দিয়েছেন।