কক্সবাজারে মানব পাচারকারী চক্রের ৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের গভীর সমুদ্রে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)-এর একটি দল। তারা ৫২ জনকে মিয়ানমারে পাচার করে ফেরার সময় আটক হন বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার দিনগত রাত ২টা ৪৫ মিনিটে বঙ্গোপসাগরের কক্সবাজারের কাছে নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়।
 
এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলার ও ৩টি দেশে তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শাহ জাহান (৩৭), মোহাম্মদ পারভেজ (২৩), আব্দুল মাজেদ (২৭), আমির মো. ফয়সাল (২৪), মো. শাকের (৩০) ও মোহাম্মদ রফিক আলম (৩৫)।

আজ শনিবার বিকেলে এ বিষয়ে র‍্যাব-১৫-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়ে। সেখানে কোম্পানি কমান্ডার মেজর শেখ মো. ইউসুফ বলেন, 'এ মানবপাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন ধরে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।'

তিনি জানান, পাচারকারী চক্রের একটি ট্রলার জব্দ করা হয়েছে। ট্রলারটিতে তল্লাশি করে একটি দেশীয় পিস্তল, ২টি থ্রিকোয়ার্টার গান, ৪ রাউন্ড কার্তুজ, ২টি রামদা, একটি স্যাটেলাইট ফোন, একটি কম্পাস, একটি জিপিএস, পাচার হওয়া লোকজনের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড, একটি হাতঘড়ি ও নগদ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।

এ সময় তিনি আরও বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা র‍্যাবের কাছে স্বীকার করেছেন, তারা মানবপাচারকারী চক্রের সদস্য এবং ৫২ জনকে মিয়ানমারের পাচারকারীদের হাতে তুলে দিয়ে ফিরছিলেন। আটক ব্যক্তিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।'