কক্সবাজারে মোর্শেদ হত্যা মামলায় গ্রেপ্তার আরও ৪

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে মোর্শেদ আলী হত্যা মামলার আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ রোববার সকালে কক্সবাজারে র‍্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- মতিউল ইসলাম, সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম ও জয়নাল আবেদীন হাজারী। প্রথম ৩ জন মোর্শেদের আপন ভাই।

মেজর মনজুর মেহেদী ইসলাম সংবাদ সম্মেলনে জানান, আটক ৪ জনই মোর্শেদ আলী হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। এই ৪ জনসহ এ হত্যা মামলায় এ পর্যন্ত মোট ১২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বৃহস্পতিবার কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের চেরাংঘাট বাজারে প্রবাসফেরত উদ্যোক্তা মোর্শেদ আলীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।