কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ: আরও ১ আসামি গ্রেপ্তার
কক্সবাজারে বেড়াতে আসা এক নারীকে 'সংঘবদ্ধ ধর্ষণ' মামলার আরেক আসামি ইসরাফিল হুদা জয়কে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে কক্সবাজার জেলার চকরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ নিয়ে মামলায় এজাহারভুক্ত ৩ আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হলো।
আজ দুপরে টুরিস্ট পুলিশের কক্সবাজার জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত চলছে। অপরাধীর আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। গ্রেপ্তার ইসরাফিল হুদা জয়কে আগামীকাল বুধবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।
তিনি আরও বলেন, মাদারীপুরে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া এই মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিককে ঢাকা থেকে কক্সবাজারে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মামলার আরেক আসামি রিয়াজ উদ্দিন ছোটন ৪ দিনের রিমান্ডে আছেন। গতকাল ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে গ্রেপ্তার রেজাউল করিম শাহাবুদ্দিন, মামুনুর রশীদ ও মেহেদী হাসানের।
এর আগে, গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় সংঘবদ্ধ একটি চক্র কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এই নারী পর্যটককে তুলে নিয়ে যায়। ওই নারীর অভিযোগ, তাকে তুলে নেওয়া ব্যক্তিরা তার স্বামী-সন্তানকে জিম্মি করে ও তাদের হত্যার হুমকি দিয়ে তাকে ২ দফা ধর্ষণ করে।
পরে খবর পেয়ে ওই দিন গভীর রাতে জিয়া গেস্ট ইন নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালায় র্যাব। আটক করা হয় রিয়াজ উদ্দিন ছোটনকে।
ঘটনার পরদিন ২৩ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ওই নারীর স্বামী ৪ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও ৩ জনসহ মোট ৭ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় নারী নির্যাতন আইনে মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় টুরিস্ট পুলিশকে।