কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণ: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

গত ২২ ডিসেম্বর কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করার জন্য সরকারকে নির্দেশনা দিতে হাইকোর্টের কাছে একটি রিট আবেদন করা হয়েছে।

আজ সোমবার এই আবেদন করা হয়।

এ ঘটনার সঙ্গে জনস্বার্থ জড়িত আছে জানিয়ে মো. আবদুল্লাহ আল হারুন রাসেল হাইকোর্টের কাছে এই রিট আবেদন করেন এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

আবেদনের উদ্ধৃতি দিয়ে আইনজীবী রাসেল দ্য ডেইলি স্টারকে জানান, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ভিন্ন ভিন্ন তথ্য ও বিবৃতি প্রকাশ করেছে।

এ কারণে, প্রকৃত সত্য উন্মোচনের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত দরকার বলে জানান তিনি। হাইকোর্ট আগামীকাল এই রিট আবেদনের বিষয়ে শুনানির আয়োজন করতে পারে বলেও যোগ করেন তিনি।