কক্সবাজার আ. লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজারে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
আজ রোববার মোনাফ সিকদারের বড় ভাই মাহমুদ শাহজান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এই মামলা করেন।
মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরিসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির-উল-গিয়াস দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, গত ২৭ অক্টোবর রাত ৯টার দিকে মোনাফকে সুগন্ধা পয়েন্টে গুলি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সংকটাপন্ন।
তবে মুজিবুর রহমান দাবি করেছেন মোনাফকে গুলি করার ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন। তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। তিনি আইনীভাবে মামলার মোকাবিলা করবেন।
এদিকে মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সন্ধ্যার পর থেকে কক্সবাজারের শহরের কয়েকটি প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে কিছু মেয়রের সমর্থকরা। পৌর ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেন দলের নেতাকর্মীরা।
এসময়ে কক্সবাজার পৌরসভার বর্জ্য বহনকারী মিনি ট্রাক দিয়ে শহরের প্রধান সড়ক অবরোধ করে দিতে দেখা গেছে। এতে কক্সবাজারে শহরে যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি এখন শান্ত আছে।