কমলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজারে নিজ বাড়ির সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার দুপুর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্যে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়।
নিহত ওই ব্যবসায়ীর নাম নাজমুল ইসলাম (৩৪)। তিনি চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি।
পুলিশ সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, এ ঘটনায় আজ সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ডেইলি স্টারকে বলেন, 'নাজমুল ইসলাম গতকাল রোববার দুপুর দেড়টার দিকে তার বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। সেসময় একটি মাইক্রোবাস এসে তার সামনে দাঁড়ায়। ওই মাইক্রোবাস থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে দা দিয়ে কুপিয়ে নাজমুল ইসলামকে ফেলে যায়।'
'ভয়ে প্রথমে কেউ এসে তাকে উদ্ধার করেননি। দীর্ঘ সময় ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলাম পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।'
তিনি জানান, সেখান থেকে নাজমুলকে দ্রুত সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নাজমুল তার ওপর হামলাকারী ৪ জনের নাম উল্লেখ করেছেন।