করোনা চিকিৎসার নকল ওষুধ ও তৈরির যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৮

স্টার অনলাইন রিপোর্ট

করোনা চিকিৎসায় ব্যবহৃত মন্টেলুকাস্ট গ্রুপের মোনাস ট্যাবলেট ও অ্যান্টিবায়োটিকসহ বিপুল পরিমাণে নকল ওষুধ জব্দ এবং এসব ওষুধ তৈরি ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১২ আগস্ট ঢাকা, সাভার ও পিরোজপুরের নেছারাবাদ বিসিক শিল্প এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ওষুধসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণ নকল ওষুধের পাশাপাশি ওষুধ তৈরির মেশিন ও বহু সংখ্যক ডাইস জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-ফয়সাল মোবারক, নাসির, ওহিদুল, মামুন, রবিন, ইব্রাহিম, আবু নাঈম ও ফয়সাল।

পুলিশ জানায়, ওই চক্রের মূল হোতা ফয়সাল সাভার ও পিরোজপুরে কারখানা স্থাপন করে আয়ুর্বেদিক ব্যবসার আড়ালে এসব ওষুধ তৈরির কাজ করে আসছিল।

গ্রেপ্তারকৃতরা আয়ুর্বেদিক ওষুধ তৈরির লাইসেন্স নিয়ে বাজারে বহুল প্রচলিত নামি-দামি ব্র্যান্ডের (সেকলো, মোনাস, মন্টিয়ার, সেফ-থ্রি ও নেপ্রোক্সেন প্লাস) নকল ওষুধ তৈরি করে বাজারে বিক্রি করত বলে জানায় পুলিশ।