কলেজছাত্রকে বিবস্ত্র করে ভিডিও ধারণের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সাতক্ষীরার তালা উপজেলার কলেজপড়ুয়া এক ছাত্রকে অপহরণ করে মারপিট, বিবস্ত্র করে ভিডিও ধারণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে আকিবকে খুলনা জেলার ডুমুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত সোমবার তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সৈয়দ আকিবকে সাময়িক বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের কাছে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।
রোববার তালা সরকারি কলেজের একটি কক্ষে কলেজছাত্র শোয়েব আজিজ তন্ময়কে (২০) অপহরণ করে মারপিট ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ ওঠে ছাত্রলীগ ও শ্রমিক লীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। টানা সাড়ে ৩ ঘণ্টা নির্যাতনের একপর্যায়ে ওই ছাত্রের মাথা ন্যাড়া করে দেওয়া হয়। এ সময় শোয়েব আজিজের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনকারীরা।
নির্যাতনের শিকার কলেজছাত্র শোয়েব আজিজ তালা সদরের জাতপুর গ্রামের শেখ আজিজুর রহমানের ছেলে। তিনি চলতি বছর জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য খুলনায় কোচিং করছেন।
শোয়েব আজিজের বাবা শেখ আজিজুর রহমান রোববার রাতেই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিব, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, ছাত্রলীগ কর্মী জে আর সুমন, জয় ও নাহিদ হাসানের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক চন্দন কুমার মণ্ডল বলেন, 'আকিবের পর এখন মামলার অন্য আসামিদের গ্রেপ্তাতের চেষ্টা চলছে।'