কারাগারে ইয়াবা বিক্রির অভিযোগে কারারক্ষী সাময়িক বরখাস্ত
বাইরে থেকে ইয়াবা এনে কারাগারের ভেতরে বিক্রির অভিযোগে হবিগঞ্জ জেলা কারাগারের এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বুধবার হবিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, শিগগির তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, কারারক্ষী মিলন মিয়া বাইরে থেকে ইয়াবা কিনে কারাগারের ভেতরে বিক্রি করতেন। এই অভিযোগে গত রোববার মিলনসহ তিন জনকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছিল। তারা এখন কারাগারে আছেন।
ডেপুটি জেলার মনজুরুল আলম জানান, মিলন সিলেট জেলার শাহপরান থানার বাসিন্দা। তিনি সিলেট জেলা কারাগারে থাকাকালে মাদকসহ আরেকবার আটক হয়েছিলেন। তখন নয় মাসের জন্য তাকে বরখাস্ত করা হয়। সাজা শেষে দেড় মাস হলো তিনি হবিগঞ্জে যোগ দিয়েছিলেন।