কাশিমপুর মহিলা কারাগারে নাইজেরিয়ান নারী বন্দীর মৃত্যু
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নাইজেরিয়ান নারী বন্দী চিদিম্মা আবেলফ (২৬) অসুস্থ হয়ে মারা গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নারী ঢাকার দক্ষিণখান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার হাজতি নং-১৫৮/২২।
তিনি আরও জানান, বুধবার (১৬ মার্চ) কারাগারে নাইজেরিয়ান নারী চিদিম্মা আবেলফ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১৭ মার্চ) উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।