কীটনাশক পান করে ২ কৃষকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

স্টার অনলাইন রিপোর্ট

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ডিপ টিউবওয়েলের পাশে কীটনাশক পান করে ২ কৃষকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৩ সদস্যের কমিটি।

বিএমডিএ'র নির্বাহী পরিচালক আব্দুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার নাজিরুল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।'

তিনি জানান, ওই ২ কৃষককে ডিপ অপারেটর পানি দিয়েছিলেন কি না তা খতিয়ে দেখতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি আজ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা এ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হতে পারে বলে জানান তিনি।

এর আগে, অভিযোগ করা হয়েছিল যে, ডিপ টিউবওয়েল অপারেটর সেচের পানি না দেওয়ায় প্রতিবাদ জানাতে গত ২৩ মার্চ বিকেলে কীটনাশক পান করেন অভিনাথ মার্ডি (৩৬) ও তার চাচাতো ভাই রবি মার্ডি (২৭)। সেদিন রাতেই মৃত্যু হয় অভিনাথের এবং শুক্রবার মৃত্যু হয় রবি মার্ডির।

এ ঘটনায় অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম বাদী হয়ে ডিপ অপারেটর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গোদাগাড়ী থানায় একটি মামলা করেন।