কুমিল্লায় অপহৃত যুবককে ৪ দিন পর উদ্ধার, গ্রেপ্তার ৩
কুমিল্লায় বেড়াতে গিয়ে বন্ধুদের হাতেই অপহরণের ৪ দিন পর অপহৃত যুবককে উদ্ধার করেছে র্যাব। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনতে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া রমজান (৩৫) নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একরামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আজ শনিবার কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন এসিব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'রমজান হোসেনের স্ত্রীর অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়। পরে গোয়েন্দা তৎপরতা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে গতকাল সকালে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেখানে ওই ৩ জনতে গ্রেপ্তার করা হয়।'
গ্রেপ্তার ৩ জন হলে- মো. মোতাহার হোসেন (৩০), মো. দেলোয়ার হোসেন (৪১) এবং মো. সায়মুন (১৯)।
র্যাব জানায়, গত ১১ এপ্রিল কুমিল্লার বিবির বাজার এলাকায় পূর্ব পরিচিত বন্ধু রাকিবের বাসায় বেড়াতে আসেন মো. রমজান হোসেন (৩৫) তার। রাকিবের বন্ধু শাহিন এবং রুবেলের সঙ্গে আগে থেকেই ভুক্তভোগী রমজানের পরিচয় ছিল। সেই সূত্রে শাহিন রমজান হোসেনকে নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা বিবির বাজারে ঘুরতে যায়। সন্ধ্যার পর সেখান থেক রমজান ফিরে আসতে চাইলে মো. শাহিন ও তার দলের সদস্যরা তাকে বাধা দেয়। তারা বলে এভাবে যাওয়া যাবে না, এখান থেকে মুক্তি পেতে হলে তোমাকে মুক্তিপণ দিতে হবে। এই বলে রমজানের হাত-পা বেঁধে মারধর করে এবং ইমোতে ভিডিও কল দিয়ে নির্যাতনের দৃশ্য তার স্ত্রীকে দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেলে রমজানকে হত্যা করা হবে বলে বার বার হুমকি দেওয়া হয়।
র্যাব কর্মকর্তা মোহাম্মদ সাকিব হোসেন জানান, এরপর অপহৃতের স্ত্রী লিজা বেগম তার স্বামী অপহরণ হয়েছে বলে গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জে র্যাব-১১ এর কাছে একটি অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে র্যাব এবং গতকাল ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পরে গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত রমজান হোসেনকে ৪ দিন পর উদ্ধার করা হয়।
তবে, র্যাবের উপস্থিতি টের পে মো. শাহিন পালিয়ে যান। তার সাথে রুবেল (৩৫), মোঃ জাকির (৪১) আরো দুই আসামি পলাতক রয়েছে।
র্যাবের কর্মকর্তা মোহাম্মদ সাকিব হোসেন আরও জানান, গতকাল রমযানের স্ত্রী বাদী কুমিল্লার কোতয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় এই ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।