কুমিল্লায় কাউন্সিলর হত্যা: শাহ আলমকে অস্ত্র সরবরাহ করেন রিশাত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আহমেদ সোহেল ও তার সহযোগী হরিপদ দাস হত্যা মামলায় গ্রেপ্তার এমরান হোসেন রিশাত (২৩) আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর আগে রিমান্ডে রিশাত নিজে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেন এবং প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র সরবরাহ করার কথা নিশ্চিত করেন বলে জানিয়েছে পুলিশ।  

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ১৬৪ ধারায় রিশাতের জবানবন্দি রেকর্ড করেন আমলী আদালত ১ এর সি‌নিয়র জু‌ডি‌সিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা আক্তার।

বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির এল আই সি এর প্রধান উপপরিদর্শক পরিমল দাস জানান, ৩ দি‌নের রিমা‌ন্ড চলাকা‌লে আসামি স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন। পুলিশ তখন আদালতে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দির জন্য আবেদন করে। রিমান্ডে রিশাত হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া এবং প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র সরবরাহ করার কথা স্বীকার করেন।

এর আগে গত সোমবার রাতে রিশাতকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার আদালত তার ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিশাতের জবানব‌ন্দি রেকর্ড শে‌ষে তা‌কে জেল হাজ‌তে পাঠিয়েছেন আদালত।