কুমিল্লায় সহিংসতার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ২ জন গ্রেপ্তার
কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় ধর্মীয় উসকানি দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় 'কুমিল্লা টাইমস' নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও নির্বাহী সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম দ্য ডেইলি স্টারকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার দুজন হলেন, 'কুমিল্লা টাইমস' অনলাইন পোর্টালের সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল ও নির্বাহী সম্পাদক ফয়সাল মবিন পলাশ।
ওসি আনওয়ারুল আজিম বলেন, 'সিআইডি কুমিল্লার পরিদর্শক মো. আতিকুর রহমান বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ২ জনের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে ওই মামলাটি দায়ের করেন।'
তিনি আরও বলেন, 'কুমিল্লার ঘটনায় সহিংসতা সৃষ্টির অভিযোগে রোববার তাদের আটক করা হয়। পরে আজ তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সন্ধ্যায় গ্রেপ্তার দুজন কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজজতে পাঠানো হয়েছে।'
এ ব্যাপারে সিআইডি কুমিল্লার এসপি খান মোহাম্মদ রেজওয়ান দ্য ডেইলি স্টারকে বলেন, ''পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিও প্রকাশ করে 'কুমিল্লা টাইমস' নামের একটি অনলাইন গণমাধ্যম। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এবং সহিংসতা ছড়িয়ে পড়ে।'