কুষ্টিয়ার ‘চোর সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিশান হোসেন (৩৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গণপিটুনিতে জয়নাল হোসেন (৩৮) নামে আরও একজন আহত হয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে বলেন, ভোররাত ৪টার দিকে ৪ ব্যক্তি ওই গ্রামে যায়। চোর সন্দেহে গ্রামবাসীরা তাদের ধাওয়া করে। দুজন পালিয়ে গেলেও নিশান ও জয়নাল ধরা পড়েন। গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়। জয়নাল গুরুতর আহত হন।

বিষয়টি জানার পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে জয়নালকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ময়নাতদন্তের জন্য নিশানের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ৪ জন আসলেই চোর ছিল কি না এবং ভোররাতে কী হয়েছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে, বলেন গোলাম মোস্তফা।