কুষ্টিয়ায় স্বর্ণকার হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, ২ জনের আমৃত্যু কারাদণ্ড
কুষ্টিয়ার কুমারখালীতে ইমরান শেখ (২২) নামে এক যুবককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড, দুজনকে আমৃত্যু কারাদণ্ড ও ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
২০১৮ সালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইমরান শেখ কুমারখালীর দৌড়গরিয়া গ্রামের বাদশা শেখের ছেলে। তিনি পেশায় ছিলেন একজন স্বর্ণকার।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহিদুর রহমান ওরফে পিরু মিঠুন। তিনি কুমারখালী উপজেলার দড়ি কোমর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার হাউজিং এস্টেট এলাকার ফজলুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান জর্জ ও কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কুমারখালী উপজেলার সনদাহ গ্রামের শহীদ বিশ্বাসের ছেলে নাহিদ হাসান, খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের মুন্সি নাসির উদ্দিনের ছেলে মুন্সি অনিক হাসান ওরফে ইমরান ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার তুলশীতলা গ্রামের আফাজুদ্দীনের ছেলে ওয়াদুদ ওরফে রাজু।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, নিখোঁজের ২ দিন পর ২০১৮ সালের ১৬ মার্চ সকালে কুষ্টিয়ার কুমারখালীতে নন্দলালপুর ইউনিয়নের দৌড়গরিয়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সে বছরের ২০ মার্চ নিহতের বাবা বাদশা শেখ আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ২৩ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।