কুড়িগ্রামে মন্দিরে স্বর্ণালংকার চুরির সময় ২ নারী আটক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মন্দিরে স্বর্ণালংকার চুরি করতে গিয়ে দুই নারী আটক হয়েছেন। আজ শনিবার দুপুরে মাধাইখাল গ্রামে কালি মন্দিরে এই ঘটনা ঘটেছে।

আটক দুই নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর এলাকার। তারা শাঁখা-সিদুঁর পরে হিন্দু নারীর বেশে চুরি করতে গিয়েছিলেন।

মাধাইখাল কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণ চন্দ্র সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'শনিবার মন্দির প্রাঙ্গণে মেলা হয়। এ উপলক্ষে মন্দির এলাকায় হাজারো ভক্ত আসেন। ভিড়ের সুযোগ নিয়ে দুই নারী মন্দিরে ঢুকে দেবীকে নিবেদন করা কয়েকটি স্বর্ণালংকার ব্যাগে ভরে ফেলেন। এ সময় কয়েকজন ভক্ত তদের ব্যাগ তল্লাশি করে স্বর্ণালংকার উদ্ধার করেন।'

তিনি বলেন, 'দুই নারীর প্রকৃত পরিচয় পেয়ে আমরা তাদেরকে পুলিশে সোপর্দ করেছি। শাখা-সিঁদুর পরে তাদের দলের ১০ জনের একটি দল মন্দিরে চুরি ও ছিনতাই করে বলে তারা স্বীকার করেছেন।'

নাগেশ্বরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মন্দির থেকে স্বর্ণালংকার চুরির কথা স্বীকার করেছেন দুই নারী। তাদের চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।'