কৃষকের মৃত্যু: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীর ঈশ্বরীপুর গ্রামে গভীর নলকূপ থেকে সেচের পানি না পেয়ে ২ সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখতে আজ মঙ্গলবার ঘটনাস্থলে গেছে কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

গোদাগাড়ীর ইউএনও জানে আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

৪ সদস্যের তদন্ত কমিটির নেতৃত্বে আছেন কৃষি মন্ত্রণালয় যু্গ্মসচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মো. আবু জুবাইর হোসেন বাবলু।

কমিটির অন্য সদস্যরা হলেন, রাজশাহী জেলা প্রশাসক, নাটোর বিএডিসি'র নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন এবং নওগাঁ বিএমডিএ'র নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলী।

তবে আজ রাজশাহী জেলা প্রশাসকের পক্ষে এডিসি (রাজস্ব) মোহাম্মদ শরিফুল হক তদন্ত কমিটির সঙ্গে ঘটনাস্থলে যান বলে জানা গেছে।

গত ২৭ মার্চ কৃষি মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব তাসনিম জেবিন বিনতে শেখের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ মার্চ 'সারাবাংলা দেশ নেট' অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদে 'জমিতে পানি দেয়নি পাম্প অপারেটর, ক্ষোভে কৃষকের আত্মহত্যা' এবং ২৭ মার্চ 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত 'সেচের পানি না পেয়ে বিষপান: আরেক কৃষকের মৃত্যু' শীর্ষক সংবাদ দুটোতে প্রকাশিত কৃষক দুজনের মৃত্যুর কারণ এবং সেচের পানি সময়মত না পাওয়ার কারণ উদঘাটন করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।