কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত
রাজধানীর কেরানীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে হাসপাতালে নিয়ে আসেন র্যাব-১০ এর সদস্যরা। এরপর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি, কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় র্যাব-১০ এর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। নিহত একজনের বয়স আনুমানিক ২৮ বছর এবং অন্য জনের ৩৫ বছর।
ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কথা বলতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং ও র্যাব-১০ এর কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।