ক্যাসিনোকাণ্ডে যুবলীগ নেতা এনামুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, ভোগ-দখল ও পাচারের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি ও ক্যাসিনো মামলার অন্যতম আসামি এনামুল হক আরমানের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার সকালে কমিশন চার্জশিট অনুমোদন করে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাসিনো সংক্রান্ত মামলায় অভিযুক্ত আসামি মো. এনামুল হক (আরমান) কর্তৃক বিভিন্ন অবৈধ পন্থায় জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকার অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলের অপরাধ এবং অবৈধ অর্জিত অর্থের মধ্যে ১০ লাখ ৬৯ হাজার ৫১৪ সিঙ্গাপুর ডলার বা ৬ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৩৭৯ টাকা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অবৈধ পন্থায় অর্জন করে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিভিন্ন অবৈধ উপায়ে সিঙ্গাপুরে নিয়ে ব্যয় করে।
আরও বলা হয়েছে, তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অপরাধ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আদালতে বিচারের জন্য অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের সুপারিশ করে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন (সাক্ষ্য-স্মারক) দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তা দাখিল করা প্রতিবেদন পর্যালোচনার পর কমিশন বর্ণিত মামলায় উল্লিখিত আসামির বিরুদ্ধে আদালতে বিচারার্থে চার্জশিট দাখিলের অনুমোদন জ্ঞাপন করেছেন।