খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
তবে স্থানীয় পুলিশ বলছে, তারা স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে ঘটনাটি শুনলেও কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকায় হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত নন।
আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
ইউপিডিএফ এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত ব্যক্তির নাম জীবন ত্রিপুরা (২২)।
ইউপিডিএফ খাগড়াছড়ি ইউনিটের সংগঠক ওঙ্গা মারমা এক বিবৃতিতে বলেন, 'জীবন ত্রিপুরা সকাল ৯টার দিকে বাবুছড়ার দিকে যাচ্ছিলেন, এমন সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।'
দ্য ডেইলি স্টারের প্রতিবেদক নিহতের পরিচয় যাচাই করতে পারেনি।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নানাইছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে বলে আমরা শুনেছি। পুলিশ এখনো পর্যন্ত কোনো মরদেহ খুঁজে না পাওয়ায় আমরা ঘটনার বিষয়ে নিশ্চিত নই।