খাগড়াছড়িতে ২ গ্রুপের সশস্ত্র সংঘর্ষ, নিহত ১
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আঞ্চলিক ২ সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ (প্রসীত) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে মাটিরাঙ্গার উপজেলায় তাইন্দংয়ের সুকুমার কার্বারীপাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ ও গণতান্ত্রিক গ্রুপের সদস্যদের মধ্যে গোলাগুলি হয়।
তবে কোনো পক্ষই এ ঘটনার দায় স্বীকার করেনি।
এ ঘটনায় নিহত উত্তম কুমার ত্রিপুরা (২৪) উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকার সুনিল ত্রিপুরার ছেলে।
বিজিবির ধারণা, নিহত উত্তম ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য ছিলেন।
খবর পেয়ে স্থানীয় ২৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি বিদেশি অস্ত্র ও গুলিসহ গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করেছে।
এলাকাবাসী জানান, ইউপিডিএফ (প্রসীত) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের সদস্যের মধ্যে ভোরে ব্যাপক গোলাগুলি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।'
বিজিবির যামিনীপাড়া ব্যাটালিয়নের একটি টহল দল ঘটনাস্থল থেকে একজনের মরদেহসহ একে-২২ বন্দুক, ৩টি গুলি, একটি দেশীয় অস্ত্র ও ৩১টি গুলির খোসা উদ্ধার করেছে বলে জানিয়েছে।