খুলনায় ধর্ষণের অভিযোগে ডিবির এসআই গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনায় ধর্ষণের অভিযোগে গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে আজ বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ডেইলি স্টারকে বলেন, গতকাল রাতে এসআই জাহাঙ্গীরকে আটক করা হয়।

মামলার বরাতে ওসি বলেন, বাগেরহাটের মোংলা থেকে অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানোর জন্য মঙ্গলবার ভুক্তভোগী নারী তার মেয়েকে নিয়ে খুলনায় আসেন। তারা নগরীর একটি আবাসিক হোটেলে ওঠেন। রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর জোরপূর্বক মা-মেয়ের কক্ষে যান। সেখানে মাকে ধর্ষণ করেন।

এ সময় ওই নারীর চিৎকারে হোটেলের ম্যানেজার থানায় ফোন করেন। পুলিশ গিয়ে জাহাঙ্গীরকে আটক করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার বি এম নুরুজ্জামান বিষয়টি জেনেছেন বলে জানান।