খুলনায় স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টা, স্বামীর মৃত্যুদণ্ড
খুলনায় স্ত্রীকে হত্যার দায়ে মো. রফিক শেখ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে মরদেহ গুমের চেষ্টা করায় দণ্ডবিধির ২০১ ধারা অনুযায়ী তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একমাত্র আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রফিক শেখ খুলনার রূপসা উপজেলার নেহালপুর গ্রামের মৃত জাবেদ শেখের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১২ আগস্ট রফিকের স্ত্রী মরিয়ম বেগম নিখোঁজ হন। ১৫ আগস্ট রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা দীপক দাস পান বরজের গর্তে একটি মরদেহ দেখতে পান। মরদেহ শনাক্তের পরে ১৬ আগস্ট মরিয়মের মা জালিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।
ওই মামলায় রফিক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আদালত সূত্র জানায়, মাথায় আঘাত করে হত্যার পর পরিচয় গোপন করতে রফিক তার স্ত্রীর মরদেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পান বরজে ফেলে আসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন গাজী ৩১ ডিসেম্বর রফিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এই মামলায় ১৫ জন স্বাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্য নেওয়া হয়েছে।