গফরগাঁওয়ে নিখোঁজের পর জঙ্গল থেকে কিশোরীর পোড়া মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ের কদমরসুলপুর গ্রামে জঙ্গল থেকে ১৫ বছরের এক কিশোরীর আগুনে পোড়া ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের ৩ ঘণ্টা পর আজ বুধবার ভোররাতে কদমরসুলপুর গ্রামের মাইজপাড়ার চৌরাভিটা জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার হাত ও পায়ে বেধে রাখার দাগ ছিল।

পরিবারের বরাতে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ দ্য ডেইলি স্টারকে পরিবারের বরাত দিয়ে বলেন, 'গতকাল রাত ৮টার দিকে রাতের খাবার শেষ করে ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে পড়ে মেয়েটি। রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। ছোট বোন তার বাবা-মাকে ডেকে এ কথা জানায়। রাতেই মেয়েটির বাবা ও অন্যান্যরা মেয়েটিকে খুঁজতে বের হয়। ভোর রাত ৫টার দিকে বাড়ি থেকে চারশ গজ দূরে চৌরা ভিটা জঙ্গলে মেয়েটির আগুনে পোড়া ক্ষত বিক্ষত মরদেহ পায় তারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।'

মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।

ওসি ফারুক আহম্মেদ জানান, মরদেহটি আগুনে পোড়া ছিল। হাত ও পায়ে বাঁধার দাগ ছিল। তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।