গাইবান্ধায় পরাজিত প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের পরাজিত প্রার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছেন তার স্বজনরা।
নিহত মো. শাহারুল ইসলাম (৪০) হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
গত ২৬ ডিসেম্বর ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে টিউবওয়েল মার্কায় সাধারণ সদস্য পদের প্রার্থী ছিলেন তিনি। তবে, অল্প ভোটের ব্যবধানে নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজের কাছে পরাজিত হন।
নিহতের ভাইয়ের ছেলে আনোয়ার হোসেন অভিযোগ করেন, 'সাহারুল চাচা আজ দুপুরে আমার মোটরসাইকেলে করে পাশের গ্রামে দাওয়াত খেতে যান। বিকেল ৪টার দিকে তার কাছে একটা ফোন আসে যে, তার এক কর্মীকে নবনির্বাচিত সদস্য ফিরোজ কবিরের লোকজন মারধর করছে। এই খবর পেয়ে চাচা আমাকে নিয়ে ঘটনাস্থলে যান।'
তিনি আরও বলেন, 'আমরা মাঠওয়ালা বাড়িতে এসে দেখি ফিরোজ কবীরের একটি বড় বিজয় মিছিল যাচ্ছে। আমি মিছিল দেখে মোটরসাইকেল নিরাপদ স্থানে রেখে আসতে যাই। এসময় তারা আমার চাচাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরেছে। পরে তাকে মোটরসাইকেলে হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর তাকে আবার তুলে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।'
অভিযোগের বিষয়ে জানতে নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবিরের মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইজার উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা যতদূর জানতে পেরেছি শাহারুল ইসলামের মোটরসাইকেল থেকে পড়ে তিনি অজ্ঞান হয়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।'
ওসি আরও বলেন, 'আমাদের জানা মতে হরিরামপুর কোনো বিজয় মিছিল হয়নি। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।'