গাইবান্ধায় ৩ ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা, ৮ দালাল আটক
গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে ৮ জন দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লাইসেন্স না থাকায় শহরের ৩টি ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজির হোসেন ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।
সিলগালা করা ডায়াগনোস্টিক সেন্টারগুলো হলো-আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টার, ইসলাম ডায়াগনস্টিক সেন্টার ও নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার। এই ৩ ডায়াগনোস্টিক সেন্টারকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানাও করেছে।
এছাড়া, জেনারেল হাসপাতাল থেকে আটক ৮ দালালকে ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত।
এ সব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই ৮ দালাল নিজেদের দোষ শিকার করেছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া পরিচালিত ৩ টি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে।'
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. আখতারুজ্জামান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ, র্যাব গাইবান্ধার সিপিসি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক প্রমুখ।