গাউন পরতে হবে না বিচারপতি-আইনজীবীদের
ভার্চুয়ালি মামলার শুনানিকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির আদেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালের ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও জাজেস কোট পরবেন।
আইনজীবীদের পোশাকের বিষয়ে বলা হয়েছে, মামলা শুনানিকালে আইনজীবীরা ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ ও কালো কোট/শেরওয়ানি পরবেন।
উভয়ক্ষেত্রে গাউন পরার বাধ্যবাধকতা নেই বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।