গাজীপুরে ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রহিমা (৩৮) ও তার ছেলে রোকন (১৭) গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব কলমেশ্বর এলাকায় থাকতেন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মৃত আজাহার আলীর ছেলে মো. মফিজ কলমেশ্বর এলাকায় মো. নাছিরের বাড়িতে ভাড়া থাকেন। তিনি পেশায় একজন রিকশা চালক। রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মফিজ ঘরের ভেতর স্ত্রী ও ছেলেকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

নিহত রহিমার স্বজনরা জানান, গত কয়েকদিন ধরে মফিজের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হতো। মাঝেমধ্যে স্ত্রী সন্তানকে মারধর করতেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে মফিজ বাসায় আসেন। রাতের ওই সময়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে ছেলে রোকনকে ডেকে তুলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান তিনি।

ওসি জানান, মরদেহ ২টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।