গাজীপুরে ডিসকো ক্লাব থেকে আটক ১১ জনের কারাদণ্ড, ২৭৭ জনকে জরিমানা
গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে গড়ে ওঠা নতুনধারা ডিসকো ক্লাব থেকে আটক ১১ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও ২৭৭ জনকে জরিমানা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জুয়া খেলা, মাদকসেবন ও সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে তাদের এই সাজা দেওয়া হয়েছে। অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা উদ্ধার করা হয়েছে। অনুমোদন না থাকায় ক্লাবটিও বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এর আগে বুধবার দিবাগত মধ্য রাতে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
জিএমপি উপকমিশনার (অপরাধ) ইলতুৎমিশ তথ্যের সত্যতা নিশ্চত করেছেন। তিনি বলেন, ১১ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এরা হলেন—শহীদ খান জজ (৫২), দেলোয়ার হোসেন (৩৮), রতন চন্দ্র সাহা (৫২), নজরুল ইসলাম আকন্দ (৪৪), জয়নাল আবেদীন ফকির (৪২), নারায়ণ চন্দ্র গৌর মানিক (৩৫), মো. আল ইমরান (৪৫), আব্দুল মান্নান (৫৫), তোফায়েল আহমদ (৩২), আবুল বাশার (৪৩) ও রাশেদুল ইসলাম (৩২)। জুয়ায় অংশ নেওয়ায় ২৭৭ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ইলতুৎমিশ জানান, গত বছরের ডিসেম্বরে কার্যক্রম শুরুর ৫ দিনের মাথায় জানতে পেরে পুলিশের পক্ষ থেকে ক্লাবটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ৪ দিন আগে দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ও তার সহযোগীরা আবারও ক্লাবে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা শুরু করে।