গাজীপুরে নিখোঁজের ৫ দিন পর অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মরদেহ উদ্ধার
গাজীপুরে নিখোঁজের ৫ দিন পর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল বারীর (৪৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
আজ রোববার মহানগরের মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের রেললাইন সংলগ্ন ঝোপের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি'র) সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যদের বরাতে পরিদর্শক (তদন্ত) রফিউল ইসলাম জানান, গত ৩ জানুয়ারি সকালে চাপুলিয়া বাজারে খেঁজুর রস আনার কথা বলে বাসা থেকে বের হয় আব্দুল বারী। দুপুরে বাড়িতে না আসায় তার স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
পরে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার সকালে রেললাইনের পাশে ঝোপের ভেতর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে দুপরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ঝোপের মধ্যে ফেলে পালিয়ে গেছে। নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আব্দুল রারী সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। তিনি গাজীপুর মেট্রো সদর থানার দক্ষিণ চতর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।