গুলি করে মা-ছেলেসহ ৩ খুনের ঘটনায় এএসআই সৌমেনের বিরুদ্ধে চার্জ গঠন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ার মা-ছেলেসহ ৩ খুনের মামলার আসামি পুলিশের বরখাস্ত এএসআই সৌমেন রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

গতকাল সোমবার সৌমেন রায়কে আদালতে হাজির করা হয়।

জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের ফৌজদারি কার্যবিধির ২৬৫ (ঘ) ধারায় তাকে তার ৩ খুনের অপরাধ পড়ে শোনান।

সৌমেন নিজেকে নির্দোষ দাবি করার পর আদালত তার বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন। আদালত জানান, আগামী যেকোনো ধার্যদিবসে সাক্ষী গ্রহণ করা হবে।

গত ১৩ জুন বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে সৌমেনের স্ত্রী আসমা খাতুন (৩০), ছেলে রবিন (৬) এবং সঙ্গে থাকা আসমার বন্ধু ও বিকাশের এজেন্ট শাকিল হোসেনকে (৩৫) সরকারি পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর থেকে সৌমেন জেল হাজতে আছেন।

আসমা ও তার ছেলে কুমারখালী নাটুরিয়া গ্রামের ও শাকিল সাওতা গ্রামের বাসিন্দা। তারা কুষ্টিয়া শহরে বসবাস করতেন। খুনের ঘটনার দিন নিহত শাকিলের বাবা মেজবার রহমান কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

ঘটনার সময় এএসআই সৌমেন রায় খুলনার ফুলতলা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাগুরা জেলায়। তিনি একসময় কুমারখালী থানায় কর্মরত ছিলেন। কুমারখালী থানাতে থাকাকালে তিনি ঐ নারীর সঙ্গে সম্পর্কে জড়ান। পরে তাকে বিয়ে করেন বলে দাবি আসমার পরিবারের।

হত্যাকাণ্ডের পর সৌমেন কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলেন, প্রচণ্ড রাগের মাথায় তিনি এ কাজ করেছেন। তবে ৬ বছরের শিশুকে হত্যা করা তার অপরাধ ছিল তিনি আদালতকে জানান।