গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মা ও মামাকে পিটিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মা ও মামাকে পিটিয়ে জখম করেছে স্থানীয় কয়েকজন বখাটে যুবক।

এ ঘটনায় আজ শনিবার ১২টার দিকে ওই গৃহবধূর মামা বেলাল হোসেন বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহতরা হলেন, বাবা জাহিদুল ইসলাম, মা নাজনীন আক্তার ও মামা বেলাল হোসেন।

গৃহবধূর মামা বেলাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে বাবা সরকারি অবসরপ্রাপ্ত জাহেদুল ইসলামের বাড়ি মির্জাপুর গ্রামে বেড়াতে আসে ওই গৃহবধূ। গতকাল বিকেলে ছোট ছেলে-মেয়েদের নিয়ে রাস্তার পাশে ব্যাডমিন্টন খেলছিল সে। এমন সময় পাশের গ্রামের মোস্তফার ছেলে বাবু, স্বপন পাঠানের ছেলে স্বাধীন ও ইছহাকের ছেলে আমানসহ ৯ জন ছেলে পাশে দাঁড়িয়ে হাসাহাসি এবং ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতে থাকে।'

বিষয়টি জানতে পেরে ওই গৃহবধূর মামা বেলাল হোসেন ও বাবা জাহেদুল ইসলাম প্রতিবাদ করেন। এসময় ৩ বখাটে সহযোগীদের নিয়ে ওই গৃহবধূর বাবা-মা ও মামাকে পিটিয়ে আহত করে।

বাবাকে প্রাথমিক চিকিৎসা আর মামাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।'