কক্সবাজার

গোপনীয়তা রক্ষায় শ্রমিক লীগ সভাপতি হত্যা মামলার আসামিদের নাম বলছে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

সন্ত্রাসী হামলায় কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের মৃত্যুর ঘটনায় মামলা হলেও, গোপনীয়তা রক্ষায় আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

আজ বুধবার কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত জহিরুল ইসলামের ছোট ভাই কুদরত উল্লাহ সিকদার এ ঘটনায় একটি মামলা করেছেন।'

তবে মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের সুবিধার্থে আসামিদের নাম প্রকাশ করেননি ওসি।

ওসি বলেন, 'মামলার এজাহারে ১৯ জনের নাম উল্লেখ করে মোট ২১ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে।'

'তবে অভিযানের গোপনীয়তা রক্ষায় আসামিদের নাম প্রকাশ করা উচিত বলে মনে করছি না,' বলেন তিনি।

মামলাটি নথিভুক্ত হওয়ার পর থেকে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান ওসি মুনীর-উল-গীয়াস।

গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরতলীর লিংক রোডে জহিরুল ইসলাম সিকদার ও তার ছোট ভাই স্থানীয় ঝিলংজা ইউনিয়ন পরিষদের সদস্য কুদরত উল্লাহ শ্রমিক লীগের কার্যালয়ে ছিলেন। সে সময় দুর্বৃত্তরা মোটর সাইকেলে এসে দুই ভাইকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। ওই রাতেই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২ দিন পর রোববার চমেকে চিকিৎসাধীন অবস্থায় জহিরুল ইসলামের মৃত্যু হয়।