গোলাম সাকলায়েনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পুলিশের কমিটি
পুলিশ কর্মকর্তা এডিসি গোলাম সাকলায়েনের বিরুদ্ধে পরীমনিকে নিয়ে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।
আজ রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, ডিএমপির একজন ডেপুটি কমিশনার এবং সিআইডির একজন এসপি।
এর আগে, শনিবার এডিসি গোলাম সাকলায়েনকে ডিবির সব ধরনের কার্যক্রম থেকে অপসারণ করা হয়।
ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার জানিয়েছিলেন, 'বিষয়টি আমরা শুনেছি। যেহেতু একটি অভিযোগ এসেছে, তাকে আমরা আর ডিবিতে রাখছি না। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি।'
এই ডিবি কর্মকর্তা আরও বলেছিলেন, 'এ বিষয়ে পুলিশ সদর দপ্তর একটি তদন্ত করবে। তদন্তের পর তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে কি না, এটা পরের বিষয়।'