গৌরনদীতে সাবেক ইউপি চেয়ারম্যানের কবজি ভেঙে দিলো দুর্বৃত্তরা
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী মৃধার (৭১) ওপর হামলা চালিয়ে তার কবজি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কয়ারিয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। এখন চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে।
সেকেন্দার আলী মৃধা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। তার অভিযোগ, গতকাল রাতে নলচিড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শহীদ খানের (৪২) নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।
সেকেন্দার আলী বলেন, গতকাল রাতে তিনি কয়ারিয়া বাজারে সেলুনে চুল কাটাচ্ছিলেন। এ সময় শহীদ খানের নেতৃত্বে সন্ত্রাসীরা লোহার রড, পাইপ ও লাঠিসোঁটা নিয়ে হঠাৎ তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে, ডান হাতের কবজি ভেঙে দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেকেন্দার আলীর শরীরে জখমের চিহ্ন থাকার পাশাপাশি তার এক হাতের কবজি ভেঙে যাওয়ার কথা জানান গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিখিল চন্দ্র।
এ বিষয়ে জানতে চাইলে হামলা করার অভিযোগ অস্বীকার করেন শহীদ খান। দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, উনি (সেকেন্দার আলী) বাজারে দলের (বিএনপি) লোকজন নিয়ে সভা করছিলেন। সেখানে তিনি আপত্তিকর বক্তব্য দিলে আমরা সভা করতে দেই নাই। এ সময় পালিয়ে যাওয়ার সময় তিনি আহত হন।'
সেকেন্দার আলী দাবি করেন, এ ঘটনায় আজ মঙ্গলবার শহীদ খানসহ ১৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তবে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখব।'