ঘরে বসে টিকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

টাকার বিনিময়ে বাসায় বসে করোনা টিকা নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ। আজ সোমবার নগরীর খুলশী থানার জাকির হোসেন রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন--মো. হাসান (৩৫) ও মোবারক আলী (৩৩)। মোবারক আলী একজন ব্যাংকার ও হাসান ব্যবসায়ী।

বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে যাওয়া মানুষের দীর্ঘ লাইন ও নিবন্ধনের কয়েক সপ্তাহ পরও টিকা নেওয়ার এসএমএস না পাওয়ায় ভোগান্তিতে আছেন সাধারণ জনগণ। এর মধ্যে বাসায় বসে টিকা নেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সারা দেশে।

শনিবার নিজ ঘরে বসে টিকা নেওয়ার ছবি ও সহযোগিতাকারীকে ধন্যবাদ দিয়ে ফেসবুকে পোস্ট দেন ব্যবসায়ী মো. হাসান। পোস্টটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর হাসানকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত উপকমিশনার আবু বক্কর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসানের সঙ্গে সাজ্জাদ নামে তার এক বন্ধুও বাসায় বসে টিকা নিয়েছেন। মোবারক নামে এক ব্যক্তি তাদের সহায়তা করেছেন। এর আগে, মোবারক নিজের মাকেও বাসায় বসে টিকা দেন।'

এ ঘটনায় সোমবার সকালে অভিযান চালিয়ে মোবারককে আটক করা হয়েছে এবং সাজ্জাদকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তিনি বলেন, 'এ ঘটনায় সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের অভিযোগে দণ্ডবিধির ৩৭৯, ৪০৬ ও ৪২০ ধারায় চার জনকে আসামি করে খুলশী থানায় মামলা করা হয়েছে। অপর আসামির নাম বিশু দে। তিনিই টিকার সরবরাহকারী বলে জানিয়েছেন মোবারক ও হাসান।'

জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাড়িতে টিকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোন নির্দেশনা নেই।'

সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এলাকাটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) অধীনে হওয়ায় সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা প্রশাসন এ বিষয়ে আরও ভালো বলতে পারবেন।'

সিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরীর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনিও ফোন রিসিভ করেননি।

সিসিসির মেয়র রেজাউল করিম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'টিকা কার্যক্রম শুধু শহর এলাকায় নয়, শহরের বাইরেও চলছে। তাই বাড়িতে দেওয়া টিকা শহরের টিকা কেন্দ্র থেকে বা উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে, কি না তা তদন্তের বিষয়।'

তিনি বলেন, 'আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত বিষয়টিকে তদন্ত করে, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা।'