ঘুষের মামলায় জামিন পাননি দুদকের বরখাস্ত পরিচালক বাছির

স্টার অনলাইন রিপোর্ট

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের মামলায় ৮ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির হাইকোর্টে জামিন পাননি।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ থেকে তার জামিন আবেদন ফেরত নেন আইনজীবী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এনামুল বাছিরের অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত তাকে জামিন দেননি।'

গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৮ বছর ও পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে ৩ বছর কারাদণ্ড দেন।

রায়ে এনামুল বাছিরকে ৮০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৪ জুন মিজানের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির। সে সময় মিজান অভিযোগ করেন, এনামুল বাছির তার কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন।

ওই বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকা লেনদেনের অভিযোগে  মিজান ও বাছিরের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করে দুদক। গত ১৩ এপ্রিল তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে ৮০ লাখ টাকা জরিমানা স্থগিত করা হয়।